স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২০ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং কমিশনার আব্দুল হালিম।
বিএসইসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসির শীর্ষপর্যায়ের পুঁজিবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিএসইসির চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে এ সময় পুঁজিবাজারের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন।
পাশাপাশি বাজারের উন্নয়নে বিএসইসির নেওয়া নানা পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চান। প্রধানমন্ত্রী আগ্রহ সহকারে কমিশনের মতামত শোনেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)