Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে আরও ১১ কর্মকর্তাকে চাকরিচ্যুত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আরও ১১ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার, ১১ আগস্ট এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন- ম্যানেজার বিমল চন্দ্র মণ্ডল, সিনিয়র ম্যানেজার মো. মিলন মিয়া, এক্সিকিউটিভ মো. শাজ্জাদুল হক, মো. জসিম উদ্দিন আহমেদ, পপট রানী বরাই, হোসনে আরা ফেরদৌশী ও মো. ফরিদুল আলম, সিনিয়র কম্পিউটার অপারেটর আসমা আক্তার, জুনিয়র এক্সিকিউটিভ মনোয়ারা বেগম ও মোস্তাক আহমেদ এবং সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট মুনেজের আহমেদ খান।

ঘটনার পর ডিএসইর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

তাদের অভিযোগ, চাকরি অবসানের মতো সংবেদনশীল সিদ্ধান্ত কার্যকর করার সময় সংশ্লিষ্ট কর্মীদের মানসিক ও শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। দীর্ঘদিন কর্মরত কর্মকর্তাদের জন্য কোনো ধরনের কাউন্সেলিং, পূর্বপ্রস্তুতি বা তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

ডিএসইর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিষ্ঠানের ইতিহাসে আগে কখনো এভাবে কর্মকর্তাদের চাকরি অবসান করা হয়নি। হঠাৎ ডেকে এনে চাকরি শেষ হওয়ার চিঠি ধরিয়ে দেওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এখন কে কখন চাকরি হারাবেন, সেই অনিশ্চয়তায় সবাই রয়েছেন।

গত ২৯ জুলাই ডিএসইর ৯ কর্মকর্তা-কর্মচারীর চাকরি একদিনে অবসান করা হয়। সে সময় চাকরি হারানোর খবর পেয়ে একজন কর্মকর্তা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করা হয়েছিল। এছাড়া দুজন অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ ওঠে।

ডিএসইর সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল লতিফ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দাবি করেন, চাকরি অবসানের পর একজন দীর্ঘ সময় অচেতন ছিলেন এবং হৃদ্‌রোগে অস্ত্রোপচার করা আরেক কর্মী মানসিকভাবে ভেঙে পড়ে অস্বাভাবিক আচরণ করেন।

সংশ্লিষ্টদের মতে, বর্তমানে দেশের শেয়ারবাজার ইতিবাচক ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে। এমন সময়ে ডিএসইর দক্ষ জনবলকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যাশা ছিল। কিন্তু ছাঁটাই আতঙ্ক, বেতন-ভাতা বন্ধ এবং নেতৃত্বের বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)