বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনার জন্য পরিচালনা পর্ষদ না থাকলেও বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলো মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান বা আমানতদার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। এ ক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তি পরিচালনা পর্ষদের পক্ষে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নির্দেশনার ফলে বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় থাকা সাংগঠনিক ও নিয়ন্ত্রক জটিলতা দূর হবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার, ১৩ আগস্ট এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬) অনুযায়ী, মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ানের পরিচালনা পর্ষদ মনোনীত স্বাক্ষরকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট ফান্ডের ব্যাংক হিসাব বা সিকিউরিটিজ হিসাব পরিচালনার বিধান রয়েছে। অর্থাৎ ফান্ডের ব্যাংক ও সিকিউরিটিজ হিসাব পরিচালনার জন্য কাস্টডিয়ান প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মাধ্যমে স্বাক্ষরকারী নির্ধারণের ব্যবস্থা রাখা হয়েছে।
তবে বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনাকারী বিদেশি মালিকানাধীন ব্যাংকের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ না থাকায় এ বিধান বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছিল।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ২০(এ)-এ প্রদত্ত ক্ষমতাবলে বিদেশি মালিকানাধীন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তি মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬)-এর উদ্দেশ্য পূরণে পরিচালনা পর্ষদের পক্ষে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬) যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশি ব্যাংকগুলোকে বিধিমালার বাইরে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়নি; বরং তাদের স্থানীয় সাংগঠনিক কাঠামোর সঙ্গে বিদ্যমান বিধানের বাস্তবায়নকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।
মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ সংরক্ষণ, ব্যাংক হিসাব ও সিকিউরিটিজ হিসাব পরিচালনায় কাস্টডিয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে কাস্টডিয়ান প্রতিষ্ঠানের পক্ষে কে এসব কার্যক্রম পরিচালনা করবেন, তা স্পষ্ট থাকা বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। বিএসইসির নতুন নির্দেশনার ফলে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকা আরও স্পষ্ট হলো।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)