সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খানকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ-সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির বিকল্প নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করবেন আবদুর রহমান খান।
তবে এ নিয়োগের জন্য তাকে অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত রাখতে হবে। একই সঙ্গে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তও দেওয়া হয়েছে।
নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)