Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এইমস বাংলাদেশের চেয়ারম্যানের ইন্তেকাল

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এইমস অব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও প্রখ্যাত মার্কেট রিসার্চার বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক আর নেই। শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

মনজুরুল হকের মৃত্যুতে এইমস অব বাংলাদেশ লিমিটেড ও ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড (ওর্কোয়েস্ট)-এর পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মনজুরুল হক ২০০১ সাল থেকে এইমস অব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। টানা ২৫ বছর তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালকদের তাঁর প্রতি দীর্ঘদিনের আস্থা ও শ্রদ্ধার প্রতিফলন হিসেবে তাঁর এই দীর্ঘ দায়িত্বকালকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিনে তাঁর জন্মস্থান বগুড়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ দেওয়ার পর বগুড়ার নামাজগড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মনজুরুল হক একই সঙ্গে ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড (ওর্কোয়েস্ট)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটি যৌথ উদ্যোগভিত্তিক জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)