Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ক্ষুদ্র উদ্যোগ ও সৌরবিদ্যুৎ খাতে অর্থায়নে পিকেএসএফ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২৬ , ১:২২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং অতিদরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ৭ হাজার ২৪৫ কোটি টাকার অর্থায়ন কার্যক্রম হাতে নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে ৫০০ কোটি টাকা অর্থায়ন করা হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর পিকেএসএফ ভবনে সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় এসব অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান। ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এতে উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা তৈরির জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়। মাঠপর্যায়ে প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, সেবা এবং বিভিন্ন ভ্যালু চেইনভিত্তিক কর্মকাণ্ডে এ অর্থ ব্যবহার করা হবে।

পিকেএসএফ জানিয়েছে, এ অর্থায়নের মাধ্যমে স্বল্পআয়ের মানুষের দক্ষতা ও উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কুটির ও ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোও এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

এদিকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সরকারি বরাদ্দের ৫০০ কোটি টাকার আওতায় বিশেষায়িত অর্থায়ন কার্যক্রম গ্রহণ করেছে পিকেএসএফ। সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে এ ঋণ বিতরণ করা হবে। এ লক্ষ্যে পরিচালনা পর্ষদ ‘সৌরশক্তি’ নামে একটি বিশেষায়িত ঋণ নীতিমালা অনুমোদন করেছে। এর আওতায় ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে আগ্রহীদের ঋণ সহায়তা দেওয়া হবে।

সভায় পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর জন্য আরও প্রায় ২ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়। এ অর্থ ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী, কৃষিসহ বিভিন্ন খাতে অর্থায়নে ব্যবহার করা হবে।

পিকেএসএফ বলছে, এসব অর্থায়ন কার্যক্রমের মাধ্যমে একদিকে স্বল্পআয়ের মানুষকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত করে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্য রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)