Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তিন ব্যাংকের বন্ড ইস্যুর অনুমোদন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২৬ , ১:৩৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ৩ ব্যাংকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি ও সাউথইস্ট ব্যাংক পিএলসি।

ব্র্যাক ব্যাংক পিএলসি: ব্যাংকটিকে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নের জন্য ব্যবহার করবে ব্যাংকটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৩ মে, ২০২৬ তারিখে ডিএসইর মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় ব্র্যাক ব্যাংক গ্রিন বন্ড ইস্যুর বিষয়ে পরিচালনা পর্ষদের অনুমোদনের তথ্য জানানো হয়েছিল। এবার বন্ডটি ইস্যুর বিষয়ে বিএসইসির সম্মতি পাওয়ার কথা জানিয়েছে কোম্পানিটি।

অনুমোদিত বন্ডটির অভিহিত মূল্য ১ হাজার কোটি টাকা। ‘ব্র্যাক ব্যাংক গ্রিন বন্ড’ নামের এই বন্ডটি অসুরক্ষিত, অ-রূপান্তরযোগ্য, সম্পূর্ণ পরিশোধযোগ্য ও শূন্য কুপনবিশিষ্ট। এর মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ড থেকে সংগৃহীত অর্থ ব্র্যাক ব্যাংকের যোগ্য গ্রাহকদের স্বল্প ব্যয়ে পরিবেশবান্ধব অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্সিংয়ে ব্যবহার করা হবে। এর মাধ্যমে ব্যাংকটির টেকসই অর্থায়নের লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার পূরণেও অবদান রাখার প্রত্যাশা করা হচ্ছে।

ব্যাংক এশিয়া পিএলসি: ব্যাংকটিকে ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বিএসইসি ‘ব্যাংক এশিয়া সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড’ ইস্যুর অনুমোদন দিয়েছে। বন্ডটি হবে জামানতবিহীন, অ-রূপান্তরযোগ্য, সম্পূর্ণরূপে পরিশোধযোগ্য এবং পরিবর্তনশীল সুদহারবিশিষ্ট।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু হতে যাওয়া এই বন্ডের মোট পরিমাণ ৮০০ কোটি টাকা। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১০ লাখ টাকা এবং মেয়াদ ৭ বছর।

বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ বাসেল-৩-এর শর্ত অনুযায়ী ব্যাংকটির টায়ার-২ মূলধন শক্তিশালী করা এবং টেকসই উন্নয়নমূলক যোগ্য উদ্যোগে অর্থায়নের কাজে ব্যবহার করা হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি: ব্যাংকটিকে ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বিএসইসি ‘সাউথইস্ট ব্যাংক সাবঅর্ডিনেটেড বন্ড (ষষ্ঠ ইস্যু)’ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যুর অনুমোদন দিয়েছে। বন্ডটি সম্পূর্ণ পরিশোধযোগ্য, রূপান্তর-অযোগ্য, জামানতবিহীন এবং পরিবর্তনশীল সুদহারবিশিষ্ট।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু হতে যাওয়া এই বন্ডের মোট পরিমাণ ৮০০ কোটি টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকটির টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার কাজে ব্যবহার করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)