সেপ্টেম্বর মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা ধরে এর পরিমাণ ৩৪ হাজার ২৫৮ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার, ১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে দেশে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয়। আগের বছরের একই সময়ে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে ৩ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৬ কোটি ডলার। আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। সেপ্টেম্বরের আয়সহ অর্থবছরের প্রথম তিন মাসে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার।
২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী আয় বেড়েছে ১০০ কোটি ৫০ লাখ ডলার বা ১৩ দশমিক ৩ শতাংশ।
রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়লে দেশে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ে, যা আমদানি ব্যয় পরিশোধ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে।
খাতসংশ্লিষ্টদের মতে, হুন্ডি নিরুৎসাহিত করা, প্রবাসীদের জন্য বিভিন্ন প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ হওয়াসহ নানা কারণে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়া বৈদেশিক মুদ্রার বাজার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরে দেশে বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।
বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স আগে কখনো আসেনি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)