Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাংলাদেশের রিজার্ভে ফের পতন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২৬ , ৭:৫৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৮, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ সামান্য কমে ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলারে নেমেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলারে। বুধবার, ৭ অক্টোবর রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর দেশের মোট রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার। ওই সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার। অর্থাৎ সর্বশেষ হিসাবে নিজস্ব হিসাবের রিজার্ভ ২০ লাখ ডলার কমলেও বিপিএম-৬ অনুযায়ী তা ২ লাখ ডলার বেড়েছে।

২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী এ রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

১৬ সেপ্টেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। ১০ সেপ্টেম্বর এ দুই হিসাবে রিজার্ভের পরিমাণ ছিল যথাক্রমে ৩৬ দশমিক ২৭ বিলিয়ন ও ৩১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

এদিকে ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে তখন রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়। এর প্রভাবে ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ কমে দাঁড়ায় ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে। একই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

আরও আগে ১ সেপ্টেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে ছিল ৩৭ দশমিক ৪০ বিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)