Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্যাংক ও শেয়ারবাজার পাঁচদিন বন্ধ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২৬ , ৯:০২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের ব্যাংক ও শেয়ারবাজার দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকবে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দুর্গাপূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সাপ্তাহিক ছুটির দিন ১৭ অক্টোবর, শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।

ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এজন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)