Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএ সি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২৬ , ৮:০৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৪, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা ব্র্যান্ডের গাড়ি কেনায় বিশেষ সুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে গাড়ি বিক্রয় ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিএইচএস মটরস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্যাংকটি।

চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত বিনা মূল্যে গাড়ি নিবন্ধনের সুবিধা পাবেন। পাশাপাশি ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত বিশেষ গাড়ি ঋণ নেওয়ার সুযোগ থাকবে।

বুধবার, ১৪ অক্টোবর ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ৪ অক্টোবর ঢাকায় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়।

গাড়ি কেনার সুবিধার পাশাপাশি ডিএইচএস মটরসের বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে খুচরা যন্ত্রাংশ কেনা এবং গাড়ির রক্ষণাবেক্ষণ সেবায়ও বিশেষ ছাড় পাবেন ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকেরা। ব্যাংকটির বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ এ অফার আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও খুচরা ব্যাংকিং বিভাগের প্রধান মো. মাহীয়ুল ইসলাম বলেন, প্রিমিয়াম ব্যাংকিং সেবার আওতায় গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিংয়ের পাশাপাশি জীবনযাত্রা ও যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যময় করার বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ডিএইচএস মটরসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সহজ অর্থায়ন ও গাড়িসংশ্লিষ্ট বিশেষ সুবিধার সমন্বয় করা হয়েছে। এতে গ্রাহকদের গাড়ি কেনার অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছে ব্যাংকটি। প্রিমিয়াম ব্যাংকিং সেবাকে আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের অংশীদারত্ব অব্যাহত রাখার কথা জানান তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও শাখা বিতরণ নেটওয়ার্কের প্রধান শেখ মোহাম্মদ আশফাক, খুচরা ব্যাংকিংয়ের জাতীয় বিক্রয় বিভাগের প্রধান মাহাবুবুল ফারুক খান, বিতরণ নেটওয়ার্কের আঞ্চলিক প্রধান তানভীর রহমান, তারা, আগামী ও প্রিমিয়াম ব্যাংকিং বিভাগের প্রধান মেহরুবা রেজা এবং প্রিমিয়াম ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণ বিভাগের প্রধান সৈয়দ মাহীন জুবায়েদ।

ডিএইচএস মটরসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ হামদুর রহমান এবং পরিচালন বিভাগের প্রধান মোহাম্মদ ফাহিম হোসেনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএইচএস মটরস লিমিটেড বাংলাদেশে হোন্ডা ও জিএসি ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত পরিবেশক ও সেবাদানকারী প্রতিষ্ঠান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)