Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জামানত ছাড়াই ঋণ পাবেন ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৬ , ৭:৫৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী এবং বিদেশফেরত কর্মীদের জামানত ছাড়াই ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।এ তহবিলের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। ঋণের সুদহার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী, বিদেশফেরত কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা এ ঋণ সুবিধা পাবেন। এ ছাড়া স্মার্ট কার্ডধারী কৃষক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও নারী উদ্যোক্তারাও এ তহবিলের আওতায় ঋণ নিতে পারবেন।

ঋণ বিতরণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না। এ ক্ষেত্রে ব্যাংক চাইলে ঋণগ্রহীতার কাছ থেকে সর্বোচ্চ দুজন গ্যারান্টর নিতে পারবে।

ব্যাংক জানিয়েছে, এ ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি সুবিধা থাকবে। অর্থাৎ ঋণ নেওয়ার পর প্রথম ছয় মাস গ্রাহককে কিস্তি পরিশোধ করতে হবে না। এরপর নির্ধারিত নিয়মে ঋণ পরিশোধ করতে হবে। তবে ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো, জামানত দেওয়ার সক্ষমতা না থাকায় প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ পেতে সমস্যায় পড়া ব্যক্তিদের জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি করা। বিশেষ করে ভূমিহীন ও ক্ষুদ্র কৃষক, শিক্ষার্থী, বিদেশফেরত কর্মী এবং নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে এ তহবিল ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

নতুন এ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ নিয়ে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করবে। ফলে সুবিধাভোগীরা সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে নয়, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এ ঋণ পাবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)