Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনিলিভারের ডিরেক্টর হলেন শহীদুল ইসলাম

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৮, ২০২৬ , ৪:০৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৮, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। ১৫ নভেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ইউনিলিভার বাংলাদেশে যোগদানের আগে শহীদুল ইসলাম সিনজেনটা বাংলাদেশে ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমের (সিএলটি) সদস্য ছিলেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে শহীদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তাঁর গভীর ধারণা রয়েছে। তাঁকে ইউনিলিভার বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, তাঁর নেতৃত্ব আমাদের ব্যবসাকে আরও শক্তিশালী করবে, অংশীজনদের জন্য দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)