ইনফরমেশন সার্ভিসেস পদ্মা ব্যাংকের কাছে থাকা দায় পরিশোধে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে কোম্পানির কার্যালয়ের জায়গা বন্ধক রাখা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৪০তম সভায় এ ঋণ নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এককালীন প্রস্থান (ওয়ান-টাইম এক্সিট) সুবিধার আওতায় পদ্মা ব্যাংক পিএলসির কাছে থাকা দায় পরিশোধে এই অর্থ ব্যবহার করা হবে।
তবে ঋণদাতা প্রতিষ্ঠান এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটির সংশ্লিষ্ট পক্ষ। কারণ, ইনফরমেশন সার্ভিসেসের চেয়ারম্যান সাজেদুর সিরাজের প্রতিষ্ঠানটিতে ৫০ শতাংশ শেয়ার রয়েছে।
ঋণের বিপরীতে ঢাকার রমনা এলাকার নিউ ইস্কাটন রোডের ৫২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত কোম্পানির কার্যালয়ের জায়গা বন্ধক রাখা হবে। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হবে।
কোম্পানিটি আরও জানিয়েছে, এ ঋণসংক্রান্ত লেনদেনের বিষয়ে আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)