Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২৬ , ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি এক পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজনের বদলে দুজন, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি সপ্তাহে খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

খসড়া অনুযায়ী, মন্ত্রী, মন্ত্রী সমমর্যাদার ব্যক্তি, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একইভাবে রাজনৈতিক পদধারীরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও নিয়োগের অযোগ্য হবেন।

বর্তমানে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য থাকতে পারেন। নতুন প্রস্তাবে এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সংখ্যাও দুজনের পরিবর্তে একজন করার প্রস্তাব রয়েছে।

এর আগে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংকের ওপর পারিবারিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ ধরনের প্রভাব কমাতেই নতুন বিধান আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। ছয় বছর দায়িত্ব পালনের পর পরের তিন বছর একই ব্যাংকের পরিচালক থাকা যাবে না।

এর আগে, পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ছয় বছর থাকলেও ২০১৮ সালে তা নয় বছর এবং ২০২৩ সালে বাড়িয়ে ১২ বছর করা হয়েছিল।

বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পরিচালনা পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাবও রয়েছে।

স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত রাখার পাশাপাশি ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান বা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের এ পদে নিয়োগ না দেয়ার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। নতুন প্রস্তাবে কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে।

তবে বিনিয়োগকারীর যোগ্যতা ও শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশের সীমা বহাল থাকবে।

পরিচালকের পদ ছাড়লেও দায়িত্ব পালনকালে ব্যাংক থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। ঋণ পুনঃতপশিল বা অন্যকোনো উপায়ে নিয়মিত করার সুযোগ থাকবে না। এছাড়া কোনো পরিচালক একটানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। এর বেশি সময় অনুপস্থিত থাকার অনুমতি বছরে সর্বোচ্চ একবার পাওয়া যাবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)