Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২৬ , ৮:১১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ধরনের বিনিয়োগের বিষয়ে সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও পায়নি ব্যাংকটি।

রোববার, ২২ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক তথ্যে এ বিষয়টি জানায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।

ডিএসই জানায়, গত ১৭ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শীর্ষক সংবাদের বিষয়ে ব্যাংকটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

এর জবাবে ইসলামী ব্যাংক জানিয়েছে, ব্যাংকের ইকুইটি বা শেয়ার মূলধনে সরকারের বিনিয়োগের আগ্রহ কিংবা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব পেলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি জানানো হবে।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, মূলধন সংকট কাটাতে ইসলামী ব্যাংক সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চেয়েছে। এতে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে যেতে পারে বলেও উল্লেখ করা হয়।

তবে ডিএসইর মাধ্যমে দেওয়া ব্যাখ্যায় ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের বিনিয়োগের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য বা আনুষ্ঠানিক প্রস্তাব নেই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)