Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিঙ্গার বাংলাদেশ ২৮৫ কোটি টাকা তুলবে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৪, ২০২৬ , ২:১০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৪, ২০২৬, ২:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে পরিচালনা পর্ষদ। কোম্পানিটির পর্যাপ্ত ইকুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে আগের প্রস্তাব সংশোধন করে সর্বোচ্চ ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ করেছে বোর্ড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের মোট ২৫ কোটি শেয়ারের বদলে ২৮ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এর মোট মূল্য ২৮৫ কোটি টাকা, যা ২ কোটি ইউরোর সমপরিমাণ। তবে তহবিল গ্রহণের তারিখে ইউরোর বিনিময় হার অনুযায়ী চূড়ান্ত টাকার পরিমাণ নির্ধারণ করা হবে।

গত ২৬ অক্টোবর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যেও সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। তবে আগের মূল্য সংবেদনশীল তথ্যে প্রকাশিত অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

প্রস্তাবটি অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ওই দিন দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্টে সরাসরি উপস্থিতি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)