দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ বা প্রায় আড়াই লাখ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার উদ্যোগ এবং সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করায় ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে এক বছরে আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা।
এদিকে চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে ব্যাংক আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করায় এ ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে।
তিনি জানান, ব্যাংক খাতে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিত সংস্কার কর্মসূচি চলছে। ইতিমধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় অন্য ব্যাংকগুলোর মূল্যায়ন কার্যক্রমও এগিয়ে চলছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকা।
ব্যাংক খাতে আমানত বৃদ্ধির পাশাপাশি কয়েকটি বেসরকারি ব্যাংকেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্র্যাক ব্যাংকের আমানত ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে।
একই সময়ে সিটি ব্যাংকের আমানত ২২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৭ হাজার ৪১২ কোটি টাকা হয়েছে। ব্যাংক এশিয়ার আমানতও প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকা।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের উৎসাহব্যঞ্জক লক্ষণ। তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র সমান নয়। গ্রাহকেরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও আর্থিক ভিত্তিসম্পন্ন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তিনি বলেন, আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমানত বাড়ার পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনের সময় অর্থ উত্তোলন, মেয়াদি আমানত ফেরত এবং চেক ও এটিএম সেবা নির্বিঘ্ন রাখাও জরুরি। বিশেষ করে আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রে এসব সেবা স্বাভাবিক করা আস্থা ফেরানোর বড় পরীক্ষা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)