নগদ ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সময় কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত বিসি সেলিং রেটের বেশি দাম নিতে পারবে না। নগদ বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার, ২৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার অনুসরণ করা হয়। অন্যদিকে, বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী বিসি বিনিময় হার ব্যবহার করা হয়।
এ পরিস্থিতিতে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার হিসেবে বিসি সেলিং রেট নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এ নির্ধারিত হারের বেশি দামে গ্রাহকদের কাছে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না ব্যাংকগুলো।
এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোর অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)