Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মূলধন বাড়াতে চায় যমুনা, ছাড়বে ৫০০ কোটি টাকার বন্ড

প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২২ , ৮:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ৩১, ২০২২, ৮:৩৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেড মূলধনী ভিত্তি আরো শক্তিশালী করতে চায়। এ লক্ষ্যে টায়ার ২-এর সংশোধিত রেগুলেটরি ক্যাপিটাল ফ্রেমওয়ার্কের অংশ হিসাবে নন-কনভার্টেবল কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড রিডিমেবল বন্ড (৫ম পর্যায়) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি।

ব্যাংকের ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনে অনুষ্ঠিত বৃহস্পতিবারের (২৮ জুলাই/২০২২)  পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিবেদনে দেখা যায়, চলতি হিসেব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন/২০২২) যমুনার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা। -যা আগের বছর একই সময় ২ টাকা ৬৪ পয়সা ছিল। অর্থাৎ, প্রথমার্ধে ইপিএস বেড়েছে ৪০ পয়সা।

আবার, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন/২০২২) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ৪ পয়সা। অর্থাৎ, দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ২৮ পয়সা বেড়েছে। এ সময় ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য বা এনএভিপিএস ২৮ টাকা ২৩ পয়সায় দাঁড়িয়েছে। -যা আগের বছর একই সময় ৩৪ টাকা ৯১ পয়সায় ছিল।

যমুনা ব্যাংক ৩১ ডিসেম্বর শেষে ২০২১ হিসেব বছরের জন্য বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের ২০২০ হিসেব বছর ১৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।

শেয়ারমার্কেটে ২০০৬ সালে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৪৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। কোস্পানির রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৭৯ কোটি ২৯ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬৫০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৮ দশমিক ৪৯ শতাংশ শেয়ার। বাংলাদেশ সরকারের হাতে শূন্য দশমিক ৬৪ শতাংশ। কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ৫ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে। শূন্য দশমিক ৫২ শতাংশ শেয়ার বিদেশী বিনিয়োগকারীদের হাতে। বাকি ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

যমুনা ব্যাংকের শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার(২৮ জুলাই/২০২২) সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। শেয়ারটির দর ১ বছরে ১৯ টাকা ১০ পয়সা থেকে ২৬ টাকা ৪০ পয়সায় ওঠা-নামা করে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)