স্টাফ রিপোর্টার: প্রাণ ফিরে পেল রোববারের (৩১ জুলাই/২০২২) পুঁজিবাজার। যেন ফুটে উঠল বসন্তের আলো। সার্কিট ব্রেকার আর ফ্লোর প্রাইস বা সীমাবন্ধনীর প্রভাব সঞ্জীবনির টনিক হিসেবে দেখা দেয় পুঁজিবাজারে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৫৩ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৭৯ পয়েন্ট বাড়ে সার্বিক সূচক।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে ডিএসইতে সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন ও ইউনিট দর। এতে দৃশ্যমান ছিল বড় উত্থানের প্রবণতা।
ডিএসইতে রোববারের ওয়েব পেইজ পর্যবেক্ষণে দেখা যায়- এদিন ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৬২টি কোম্পানির। কমেছে ৭টি প্রষ্ঠিানের শেয়ারদর। আর, দর অপরিবর্তিত ছিল ১৩টি কোম্পানির। এসব কোম্পানির ১৪ কোটি ৪৯ লাখ ৪১ হাজার ৯৭টি শেয়ার ৫৬৭ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকায় লেনদেন হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৮ জুলাই/২০২২) লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার। -যেকারণে আগের কার্যদিবসের তুলনায় বাজার বেশ উত্থানে রয়েছে।
বাজারের উত্থানে রোববার প্রধান সূচক ডিএসইএক্স ১৫৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইএস সূচক ৩১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩৩৯ পয়েন্টে। আর, ডিএস-৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়ায়।
এদিন ডিএসইতে বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেনের শীর্ষে ছিল। এরপর ছিল আইপিডিসি, ফরচুন সুজ, কাট্টলী টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, মতিন স্পিনিং, স্কয়ার টেক্সটাইলস, কেডিএস এক্সেসরিজ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার।
আবার, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রোববার উত্থানে ছিল সূচক ও লেনদেন। সিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ২৮৩টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দর বেড়েছে ২৬৭টি প্রতিষ্ঠানের। শেয়ারদর কমেছে ৪টির। আর, অপরিবর্তিত ছিল ১২টি কোম্পানির শেয়ারদর।
সিএসইতে রোববার লেনদেন হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ২১৫ টাকার শেয়ার। এর আগে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ১৭০ টাকার শেয়ার। এরফলে সার্বিক সূচক বেড়েছে ৩৭৯ পয়েন্ট।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)