Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাজার গতিশীলতায় বিএসইসি-ডিবিএর বৈঠকে চার সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২২ , ৫:১৩ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ৯, ২০২২, ৫:১৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারবাজারকে গতিশীল করার লক্ষ্যে বাজারের সাথে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউকিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই অংশ হিসাবে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সাথে বৈঠক করেছে সংস্থাটি।

সোমবার (৮ আগস্ট) বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদের সভাপতিত্বে শেয়ারবাজারে ব্রোকারদের সংগঠন ‌‌ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) প্রতিনিধিদের সঙ্গে সভা করা হয়।

সভায় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ও বিএসইসির ‘মার্কেট সার্ভেইল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স’ বিভাগের ঊর্ধ্বতন কমকর্তা, ডিএসইর ঊর্ধ্বতন কমকর্তা এবং ডিবিএর সভাপতি রিচার্ড ডি‌‌’ রোজারিওসহ ডিএসই’র শীর্ষ স্টকব্রোকার/স্টকডিলারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

বৈঠকে বাজারের বর্তমান পরিস্থিতি ও বাজার মধ্যস্থতাকারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এই সময় শেয়ারবাজারে চাহিদা বৃদ্ধি, বিনিয়োগকারীদের আস্থা তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ডিএসইসহ ডিবিএ’র পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানসহ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে একমত পোষণ করা হয়-

নিজ নিজ সামর্থ মোতাবেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে স্টক ডিলারগণ আগামী কয়েকদিন বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবে।

বিগত সময়ে শেয়ার বিক্রি করে অনেক বিনিয়োগকারী বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। বিনিয়োগকারীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে শেয়ারবাজারে পুনরায় বিনিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও যে সকল ইন-অ্যাকটিভ অ্যাকউন্ট আছে তাদের সঙ্গে কার্যকর যোগাযোগসহ উদ্বুদ্ধকরণের মাধ্যমে শেয়ারবাজারে নতুন বিনিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

প্রত্যেক স্টক ব্রোকার তাদের বিদ্যমান বিনিয়োগকারী ছাড়া নতুন সম্ভাব্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে শেয়ারবাজারে নতুন বিনিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। যা বাজারে চাহিদা ও তারল্য বৃদ্ধির মাধ্যমে শেয়ারবাজারকে গতিশীল করতে সহায়তা করবে।

বাংলাদেশের যে সকল জেলায় স্টক ব্রোকারের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ নেই, সে সব জেলায় বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি করে এবং স্টক ব্রোকারসমূহের ডিজিটাল বুথ অথবা শাখা অফিস খোলার মাধ্যমে স্থানীয় বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে।

সভায় বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ কমিশনের পক্ষ থেকে ডিবিএ’র সুপারিশসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেন। সর্বশেষে সংশ্লিষ্ট সকলকে শেয়ারবাজারের উন্নয়নে একসাথে কাজ করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)