Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুঁইয়ার পদত্যাগ

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৩, ২০২২ , ৪:১৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৩, ২০২২, ৪:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভুঁইয়া পদত্যাগ করেছেন। দায়িত্ব নেওয়ার ১৩ মাসের মাথায় তিনি মঙ্গলবার (২৩আগস্ট) ই-মেইলে ডিএসইর চেয়ারম্যানের কাছে তার পদত্যাগ পত্র দাখিল করেন।

স্বাধীনভাবে কাজ করতে না পারায় অভিযোগ করেন তারিক আমিন ভুঁইয়া।

মঙ্গলবার তিনি ই-মেইলে সংস্থাটির চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠান। ই-মেইলে পদত্যাগপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ইউনুসুর রহমান।

তিনি বলেন, তিনি ই-মেইলে আমাকে দেড় পৃষ্ঠার একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে তিনি যা লিখেছেন, তার সারমর্ম হলো যেভাবে তিনি কাজ করতে চান, সেভাবে তিনি কাজ করতে পারছেন না। তাই এ অবস্থায় তিনি আর সংস্থাটির এমডির দায়িত্বে থাকতে চান না।

তিনি বলেন, ৩ বছরের জন্য ডিএসইর এমডি হিসেবে যোগদান করেন তারিক আমিন ভূঁইয়া। কিন্তু ১৩ মাস সময় দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যার কারণে পরিকল্পনা অনুসারে কাজ করতে পারেননি। তাই পদত্যাগ করেছেন।

গত বছরের ২৫ জুলাই যোগদান করেন তিনি। ওই বছর ৪ জুলাই ১০০৮তম পরিচালনা পর্ষদের সভায় ডিএসইর পর্ষদ তাকে প্রতিষ্ঠানটির এমডি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়। ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন্স ২০১৩ অনুযায়ী ওইদিনই নিয়োগের বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুমোদনের জন্য পাঠানো হয়। এরপর ৫ জুলাই কমিশন তার নিয়োগের অনুমোদন দেয়।

প্রশাসন ও ব্যবসা পরিচালনা, ডিজিটাল অ্যান্ড ফিনান্সিয়াল টেকনোলজি এবং আইটি খাতে নেতৃত্বদানকারী দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তারিক আমিন ভূঁইয়া পেশাগত জীবনে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান-এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক, বাংলাদেশের গ্র্যাজুয়েট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)