Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এক্সপোজার লিমিট ও নীতি সহায়তা অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২২ , ৬:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২২, ৬:৩৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজার উন্নয়নে নীতি সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক এ কথা জানান।

বিএসইসি চেয়ারম্যানকে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিভিশন-২) থেকে সোমবার (৫ সেপ্টেম্বর) দেওয়া চিঠিতে বলা হয়েছে, দেশের পুঁজিবাজার উন্নয়নের স্বার্থে কোন ব্যাংক-কোম্পানি কর্তৃক সলো ও কনসোলিডেটেড উভয় ভিত্তিতে শেয়ার ধারণের ঊর্ধ্বসীমা (এক্সপোজার লিমিট) নির্ধারণে সংশ্লিষ্ট শেয়ার, করপোরেট বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য পুঁজিবাজার নিদর্শনপত্রের ‘বাজারমূল্য’ হিসাবের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ক্রয়কৃত মূল্যকে ‘বাজারমূল্য’ হিসেবে বিবেচনা করে সার্কুলার জারি করায় অনেক ব্যাংকের ক্ষেত্রেই পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, অন্য একটি সার্কুলারের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে গঠিত ব্যাংক প্রতি ২০০ কোটি টাকার বিশেষ সুবিধাসম্পন্ন পৃথক তহবিল গঠন করা হয়েছে। যা পুঁজিবাজার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের নীতি সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

অবিলম্বে দেশের বন্ড মার্কেট উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে ব্যাংকসমূহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত পন্থায় তালিকাভুক্ত বন্ডে (সিকিউরড বাই ব্যাংক গ্রারান্টি) বিনিয়োগ করতে পারে। এছাড়া, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ২৬ ক-এর আওতায় থেকেই ব্যাংকসমূহের পুঁজিবাজারে, বিশেষ করে বন্ড মার্কেটে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে।

দেশের আর্থিক খাতের সার্বিক স্বার্থে একটি ভাইব্যান্ট ও শক্তিশালী বন্ড মার্কেট উন্নয়নসহ বিএসইসির বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা অব্যাহত থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)