Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

টেকসই অর্থায়নকে হতে হবে অন্তর্ভুক্তিমূলক : ড. শেখ শামসুদ্দিন আহমেদ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২২ , ১:৩৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৩, ২০২২, ১:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, টেকসই অর্থায়নকে হতে হবে অন্তর্ভুক্তিমূলক। কারণ একজনকে বাদ দিয়ে বা কাউকে বাদ দিয়ে বা কিছু মানুষকে বাদ দিয়ে কখনোই অর্থনীতি টেকসই হবে না।

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ শামসুদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের সব প্রান্তে এখন ইন্টারনেট আছে, বিদ্যুৎ আছে এগুলোকে ব্যবহার করেই দেশের সর্বস্তরের মানুষকে এতে অন্তর্ভুক্ত করেই আমাদেরকে টেকশই অর্থনীতির কথা চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, গাইড লাইন খুবই প্রয়োজনীয়, কিন্তু গাইডলাইন যেন এমন না হয় যে দেশ এবং দেশের প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়ে যায়। আমাদের এই গাইডলাইনটি দেশের প্রেক্ষাপট চিন্তা করে বানাতে হবে। যেন তা দেশের অগ্রগতিকে রূদ্ধ না করতে পারে।

সিডিবিএলের ভাইস-চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরহাদ আহমেদ।

এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ তারেক। এ প্রবন্ধের উপর আলোচনায় সভাপতিত্ব করেন সিডিবিএলের ব্যাবস্থাপনা পরিচালক এবং সিইও শুভ্র কান্তি চৌধুরী।

আলোচনায় অংশ নেন লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং লংকাবাংলা গ্রুপ ক্যাপিটাল মার্কেট অপারেশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)