Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিইআরসির বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২২ , ২:২০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৩, ২০২২, ২:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। বিইআরসি জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এমন ঘোষণা দেয় কমিশন।  সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহি, বজলুর রহমান, আবু ফারুক, মো. কামরুজ্জামান, সংস্থাটির সচিব খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিইআরসির চেয়ারম্যান বলেন, পিডিবি (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দেয়। এরপর ১৮ মে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি করা হয়েছে।

সব পর্যালোচনা করে আজ সকালে সভা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তাদের প্রস্তাবের সব বিবেচনা করে দাম পুনর্নির্ধারণ করা হলো না। আগের দামই থাকবে।

এর আগে গত ১৮ মে বিদ্যুতের দাম বাড়াতে পিডিবি যে প্রস্তাব দেয়, তার ওপর গণশুনানি করে কমিশন।গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেয়ার নিয়ম রয়েছে। সে সময়সীমা শেষ হবে ১৪ অক্টোবর।

বিদ্যুতের পাইকারি মূল্য বাড়াতে গণশুনানিতে প্রায় ৬৬ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করে পিডিবি। সে সময় ভর্তুকি ছাড়া ৫৮ শতাংশ দাম বাড়ানো এবং ভর্তুকি দিলে দাম না বাড়ানোর সুপারিশ করে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি।

বিইআরসি সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর ইউনিটপ্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)