স্টাফ রিপোর্টার: টানা পাঁচ বছর পর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে আরামিট সিমেন্ট লিমিটেড। কোম্পানির সর্বশেষ পর্ষদ সভায় ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, আরামিট সিমেন্ট সর্বশেষ ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল।
তারপর ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। এর মধ্যে কোম্পানিটি ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত লোকসানে ছিল। তারপরে ২০২১ সালে শেয়ার প্রতি ৬০ পয়সা মুনাফা হলেও শেয়ারহোল্ডাদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।
তবে জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ অর্থাৎ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ৫০ পয়সা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৯৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা। বিদায়ী বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে ১৬ টাকা ৮৮ পয়সা।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
এছাড়াও আরামিট সিমেন্ট ২০২২-২৩ অর্থবছরে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ২ টাকা ৬৪ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৯৬ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)