Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এসএমইতে ৩০ লাখ বিনিয়োগের শর্ত স্থগিত, ১৫ টাকায় শেয়ার কেনার সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৬, ২০২২ , ৪:৩৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৬, ২০২২, ৪:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আদালত প্রতিবেদক: পুঁজিবাজারের এসএমই মার্কেটে লেনদেনের ক্ষেত্রে ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত স্থগিত করেন হাইকোর্ট। বুধবার (১৬ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আগামী তিন মাসের জন্য সর্বনিম্ন ৩০ লাখ টাকা বিনিয়োগে বিএসইসির বেঁধে দেওয়া শর্ত স্থগিত থাকবে। গত ১৩ নভেম্বর থেকে এটি কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। ফলে এখন থেকে বিনিয়োগকারী এসএমই মার্কেটে বিনিয়োগ করতে পারবে।

আদালতের এই আদেশের ফলে এসএমই বোর্ডের শেয়ার কেনার সুযোগ সবার জন্য অবারিত হয়েছে। ফলে অতিসামান্য টাকা বিনিয়োগ থাকলেও একজন বিনিয়োগকারী এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কিনতে পারবেন।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিসংখ্যানে দেখা গেছে, এই বাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৯৭ টাকা থেকে সর্বনিম্ন ১৪ টাকা ১০ পয়সা দরে কেনাবেচা হয়েছে। বর্তমানে বাজারে কোনো লট পদ্ধতি নেই। চাইলে মাত্র একটি শেয়ারও কেনাবেচা করা যায়।

তাই একজন বিনিয়োগকারীর বিনিয়োগের পরিমাণ মাত্র ১৫ টাকা হলেও তিনি এসএমই বোর্ডের একটি শেয়ার কিনতে পারবেন (যদি একই দাম বহাল থাকে)।

আদেশের কপি বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠানো হয়েছে। একইসঙ্গে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস অব বাংলাদেশ (আরজেএসসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজটরি বাংলাদেশের (সিডিবিএল) কাছেও হাইকোর্টের আদেশ পাঠানো হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) রাজধানীর দিলকুশার বাসিন্দা মো. রাজু হাসানের পক্ষে একটি রিট (রিট নম্বর: ১৩৭৪৯) দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মোস্তফা কামাল।

রিট পিটিশন দায়েরের পর বিএসইসির কাছে এসএমই মার্কেটে বিনিয়োগসীমার কারণ জানতে চায় হাইকোর্ট। এর প্রেক্ষিতে আজ (১৬ নভেম্বর) তিন মাসের জন্য এসএমইতে ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত স্থগিত করেছে হাইকোর্ট।

গত বছরের ১৬ সেপ্টেম্বর দুই স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) ওটিসি মার্কেট বাতিল করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ওইদিন কমিশন সভায় ২৯ কোম্পানিকে তালিকাচ্যুত করে ৪১টি কোম্পানিকে এসএমই ও এটিবিতে (অলটারনেটিভ ট্রেডিং বোর্ড) স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে একই বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু হয়।

সেদিন প্রাথমিকভাবে ছয়টি কোম্পানি নিয়ে ডিএসইর এসএমই প্লাটফর্মে লেনদেন চালু করা হয়। বর্তমানে এসএমইতে তালিকাভুক্ত কোম্পানি ১৫টি। এর মধ্যে ১৩ প্রতিষ্ঠানের শেয়ার নিয়মিত লেনদেন হচ্ছে।

চলতি বছরের ২২ সেপ্টেম্বর সর্বশেষ এসএমই প্লাটফর্মের বিনিয়োগের জন্য বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত একটি আদেশে বলা হয়, এসএমইতে লেনদেনে যোগ্য বিনিয়োগকারী হতে পুঁজিবাজারে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)