Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বেঙ্গল বিস্কুটসের ৪ পরিচালকের ব্যাংক হিসাব তলব

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২১, ২০২২ , ৬:১৬ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২১, ২০২২, ৬:১৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বেঙ্গল বিস্কুটস এবং কোম্পানিটির ৪জন উদ্যোক্তা ও পরিচালকের ব্যাংক হিসাব তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে ওই ব্যাংক হিসাবগুলোর গত ৩ বছরের লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

বিএসইসি সম্প্রতি এ বিষয়ে তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকেও অবহিত করা হয়েছে।

বিএসইসির চিঠিতে তদন্তের আদেশের বিষয়ে উল্লেখ করে জানানো হয়, বেঙ্গল বিস্কুটস উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি। তবে, সম্প্রতি বেঙ্গল বিস্কুটসের বিরুদ্ধে কিছু বিনিয়োগকারী অভিযোগ জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন অনুযায়ী বেঙ্গল বিস্কুটের পুরো বিষয় তদন্ত করা হবে।

সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে চিঠিতে উল্লেখ করা ব্যাংক হিসাবগুলোর গত ৩ বছরের লেনদেনের বিস্তারিত (ব্যাংক স্টেটমেন্টসহ) সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা ব্যাংক হিসাবগুলো মধ্যে বেঙ্গল বিস্কুটস, কোম্পানিটির পরিচালক এম এ মাসুদ, ফাইজুল হাসান ও মোহাম্মদ নূরুল কালাম এবং কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক শরীফ তইবুর রহমানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে বেঙ্গল বিস্কুটসের ব্যবসায়িক কার্যক্রমসহ সার্বিক বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। কমিটিকে এ আদেশ জারি হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়।

কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্বিক বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—বিএসইসির যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন সদস্য (সিনিয়র ম্যানেজার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা)।

এদিকে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বিএসইসি ওটিসি মার্কেট বিলুপ্ত ঘোষণা করে। ফলে, ওটিসি মার্কেটের আওতাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ভবিষ্যত সম্ভাবনার ভিত্তিতে এসএমই প্ল্যাটফর্ম ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে ওটিসি মার্কেট থেকে বেঙ্গল বিস্কুটকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

বেঙ্গল বিস্কুট ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই মার্কেটে তালিকাভুক্ত। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭ কোটি ৯৩ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭৯ লাখ ৩৮ হাজার।

উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০.২৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৯.১৩ শতাংশ শেয়ার আছে। কোম্পানির শেয়ার বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সর্বশেষ ৯৯.২০ টাকা লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)