Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

১০০০ উপশাখার মাইলফলক স্পর্শ করল আইএফআইসি ব্যাংক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২২ , ৩:৪৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৬, ২০২২, ৩:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সর্বাধুনিক ব্যাংকিং প্রযুক্তি নিয়ে দেশের সর্ববৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক গড়ার লক্ষ্যে ১০০০ উপশাখার মাইলফলক স্পর্শ করল আইএফআইসি ব্যাংক। শনিবার (২৬ নভেম্বর) মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে নতুন উপশাখা উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে হাজারতম উপশাখা প্রতিষ্ঠার ইতিহাস গড়ল ব্যাংকটি।

মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর জেলার পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাংনী উপজেলা চেয়ারম্যান এম. এ. খালেক, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের সূচনা হয়েছিল যে মাটিতে, সেই মুজিবনগরে উপশাখা উদ্বোধনের মাধ্যমে আইএফআইসি ব্যাংক স্বর্শ করল ১০০০ উপশাখার মাইলফলক। অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করার চূড়ান্ত লক্ষ্য সামনে রেখে এই চলমান ধারা অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঐতিহাসিক মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিতকরণে ভূয়সী প্রশংসা করেন। মেহেরপুরের কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের এই পদক্ষেপ ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)