Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্যাংকের তারল্য সঙ্কট কাটাতে বিশেষ সুবিধা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২২ , ১:৫৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৫, ২০২২, ২:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: তারল্য সঙ্ক‌ট কাটা‌তে নিজস্ব তহবিল থেকে বি‌শেষ সুবিধা পাবে শরীয়াহ্ ভিত্তিক ইসলামী ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক থেকে সুকুক বন্ডের বিপরীতে এ সুবিধার আওতায় প্রতিদিন কমপক্ষে এক কোটি টাকা থে‌কে শুরু করে চা‌হিদা অনুযায়ী ধার নিতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৪দিন মেয়াদ শেষে মুনাফাসহ ধার নেয়া ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেই অর্থ সমন্বয় করবে  কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ সোমবার (৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ সার্কুলার পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তারল্য সুবিধা দেয়া হবে। সোমবার (৫ ডিসেম্বর) থেকেই এটি কার্যকর হবে।

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এই সুবিধা গ্রহণের জন্য একটি ফর্মে আবেদন করতে পারবে। সার্কুলারে এ ধরণের আবেদন ফর্মও যুক্ত করে দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ হতে।

অতি সম্প্রতি, শরীয়াহ্ ভিত্তিক এক‌টি বৃহৎ ব্যাংকের সাড়ে ৯ হাজার কোটি টাকার অনিয়ম ফাঁস হয়ে যাওয়ার পর আতঙ্ক বাড়ে আমানতকারীদের মধ্যে। আমানতকারীদের অনেকেই ওই ব্যাংক থেকে তাদের আমানত তুলে নিচ্ছেন। এরমধ্যে কেউ কেউ অন্য ব্যাংকে রাখছেন তাদের সদ্য তুলে নেয়া আমানত। এর ফলে ব্যাংকটিতে আশঙ্কাজনক হারে কমে যায় আমানতের পরিমাণ। এতে এক মাসের ব্যবধানে (অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত) ওই ব্যাংকের আমানত কমেছে প্রায় দুই হাজার ৯০০ কোটি টাকা।

ব্যাংকগুলোর অনীয়মজনিত তারল্য সঙ্কট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে সূত্রে জানা গেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)