Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

২০ কোটি ডলার ঋণসহায়তা এডিবির

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৬, ২০২২ , ৪:০৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৬, ২০২২, ৪:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ সহজলভ্য করার লক্ষে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার বাংলাদেশি মুদ্রায় ১০৩ টাকা ৬৯ পয়সা হিসেবে এ ঋণের পরিমাণ ২ হাজার ৭৩ কোটি ৮০ লাখ টাকা দাঁড়িয়েছে।

মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যান্ড ক্রেডিট অ্যানহ্যান্সমেন্ট প্রকল্পের আওতায় মঙ্গলবার (৬ ডিসেম্বর.২০২২) এ ২০ কোটি ডলারের ঋণ ও প্রকল্পচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে ঋণচুক্তিতে সই করেন- বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

একইসঙ্গে, সরকার কর্তৃক প্রতিষ্ঠিত শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এবং এডিমন গিন্টিং বাংলাদেশ আবাসিক মিশন প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।

ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের ঋণ দেয়া হবে এ প্রকল্পের মাধ্যমে।

এডিবি ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। এ পর্যন্ত বাংলাদেশকে ২৭ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিয়েছে এডিবি। পাশাপাশি, শূন্য দশমিক ৫৩৭ বিলিয়ন ডলারের অনুদান সহায়তাও দিয়েছে প্রতিষ্ঠানটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)