স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেড শেষ হওয়া ২০২২ হিসেব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ২০২১ সালের ন্যায় ২০২২ সালেও শেয়ারহোল্ডারদের হতাশ করলো কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জানা যায়, জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে কোম্পানির বুধবারের (৭ ডিসেম্বর) পর্ষদ সভায়। বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৭১ পয়সা লোকসানকে লভ্যাংশ না দেয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়।
ইয়াকিন পলিমারের আর্থিক প্রতিবেদন অনুসারে, আগের বছর শেয়ারপ্রতি ৫৫ পয়সা লোকসান হয়েছিল প্রতিষ্ঠানটির। অর্থাৎ, আগের তুলনায় কোম্পানিটির লোকসান বেড়েছে ১৬ পয়সা।
কোভিড-১৯ মহামারী, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, কার্যকরী মূলধনের ঘাটতি, বিক্রি কমে যাওয়া এবং কাঁচামালের দাম বৃদ্ধির কারণে ইপিএস কমেছে বলে জানিয়েছে ইয়াকিন পলিমার।
প্রকৌশল খাতে ২০১৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটি লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিনক্ষণ নির্ধারণ করেনি। তবে, আগামী ২৮ ডিসেম্বর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি।
পরপর দু’বার লভ্যাংশ না দিলেও ২০২০ সালে ১ শতাংশ নগদ, ২০১৯ সালে ৫ শতাংশ বোনাস, ২০১৮ সালে ৩ শতাংশ, ২০১৭ সালে ৫ শতাংশ এবং ২০১৬ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল ইয়াকিন পলিমার।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)