স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে আসছে বীমা খাতের প্রতিষ্ঠান ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
সেন্ট্রাল ডিপোজটিরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্র জানায়, মঙ্গলবার (১৩ ডিসেম্বর/২০২২) সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।
শেয়ার মার্কেটে কোম্পানির লেনদেন বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, বুধবার (১৪ ডিসেম্বর/২০২২) থেকে ডিএসই এবং সিএসইতে (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) N ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে কোম্পানিটি। আর, কোড নাম `ICICL’ এবং কোড নং 25756 তে ট্রেড হবে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের।
কোম্পানিটি গত ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করেছে।
এর আগে ১৫ সেপ্টেম্বর/২০২২, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮৩৮তম সভায় আইপিও অনুমোদন করেছে কোম্পানিটির।
বিএসইসি জানায়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ২ কোটি ২৬ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার ৬০০ টাকা উত্তোলন করে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি।
আইডিআরএ’র বিধি মোতাবেক, আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের পর এ কোম্পানিকে বাধ্যতামূলক শেয়ারবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে বিনিয়োগ, সরকারি সিকিউরিটিজ, শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।
সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে প্রতিষ্ঠাটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি (পুন:মূল্যায়ন ছাড়া) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৮ পয়সায়। আর, পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভি ২০ টাকা ৯৬ পয়সায় দাঁড়িয়েছে।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ। নিরীক্ষক হিসেবে আছে ইসলাম, আফতাব অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।
বিএসইসির প্রবিধান অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)