Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বারাকা পতেঙ্গার ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৫, ২০২২ , ৯:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৫, ২০২২, ১০:১৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ ও জ্বালানী খাতে দেশের অন্যতম প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর/২০২২) রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

বারাকা পতেঙ্গার চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরীর সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদির শাফী, কোম্পানি সচিব মোহাম্মদ রানাসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সভ্য ও শেয়ারহোল্ডারগণ।

এজিএমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী বলেন, শেয়ার মার্কেটে ২০২১ সালে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডসহ কর্ণফুলী পাওয়ার লিমিটেডের মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। একইসঙ্গে, বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে আর একটি প্রতিষ্ঠানে মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে।

তিনি বলেন, ভবিষ্যতে অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগ করবে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। ২০২১-২২ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মিলিত মুনাফা ২১.৫২ কোটি টাকা ছিল বলে এসময় তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, এই কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিলো ১ টাকা ২৫ পয়সা। আর, ৩০ জুন-২০২২ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৮ টাকা ৯২ পয়সায়।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদির শাফী, পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কোম্পানি সচিব মোহাম্মদ রানার পরিচালনায় সভায় বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে, সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের এজেন্ডা অনুমোদিত হয়।

শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন বার্ষিক সাধারণ সভায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)