Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওটিসি মার্কেট ভেঙ্গে কোন দিকে যাচ্ছে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৪, ২০২২ , ৫:২১ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২২, ৬:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ সিকি্উরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওটিসি মার্কেট (ওভার দ্য কাউন্টার) গত বছরে বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে। ওটিসি মার্কেটে থাকা কোম্পানিগুলোর মধ্যে ২৩টি কোম্পানিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে এবং ১৮ টিকে এটিবি (অল্টারনেটিভ ট্রেডিং প্ল্যাটফর্ম) নেয়া হবে। ওটিসিতে থাকা বাকি কোম্পানির শেয়ারগুলোকে মার্কেট থেকে তালিকাচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে এসইসি।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী ওটিসি থেকে বাদ দেয়া ২৯ কোম্পানির উদ্যোক্তা পরিচালককে বাদ দিয়ে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের বিনিয়োগ ফেরত দেয়া হবে।

সেগুলো হলো—আরবি টেক্সটাইল, আজাদি প্রিন্টার্স, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডাইং অ্যান্ড ফিনিশিং, বাংলাদেশ লাগেজ, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ, চিক টেক্সটাইল, ঈগল স্টার টেক্সটাইল মিলস, জার্মান বাংলা জেভি ফুড, গালফ ফুডস, হিল প্ল্যানটেশন, যশোর সিমেন্ট, এম হোসাইন গার্মেন্টস ওয়াশিং, ম্যাক এন্টারপ্রাইজ, ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ, ফনিক্স লেদার।

২৯টি কোম্পানির মধ্যে আরো রয়েছে—দ্য ইঞ্জিনিয়ার্স, টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার, বাংলাদেশ প্ল্যানটেশন, খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন, ন্যাশনাল অক্সিজেন, প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার, জেম নিটওয়্যার ফেব্রিক্স, জিএমজি ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন, জেএইচ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, মেঘনা ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ, মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও রূপন অয়েল অ্যান্ড ফিডস লিমিটেড।

ওটিসির ২৩টিকে এসএমই প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়। এসব কোম্পানির মধ্যে ৭টির উৎপাদন চালু রয়েছে। এর মধ্যে চারটির এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করছে। বাকি তিনটিও লেনদেন চালুর অপেক্ষায় রয়েছে। কোম্পানিগুলোর কাগুজে শেয়ার ডিম্যাট বা অনলাইন করার প্রক্রিয়া চলছে।

উৎপাদনে না থাকা ১৬ টি কোম্পানি হলো—আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, আলফা টোব্যাকো ম্যানুফ্যাকচারিং, আমান সী ফুড ইন্ডাস্ট্রিজ, আশরাফ টেক্সটাইল মিলস, বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার, বাংলাদেশ লিফ টোব্যাকো, বেঙ্গল ফাইন সিরামিকস, বায়োনিক সী ফুড, ঢাকা ফিশারিজ, এক্সেলসিওর সুজ, লেক্সকো, মেঘনা শ্রিম্প কালচার, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট, রাঙ্গামাটি ফুড প্রডাক্টস, থেরাপিউটিকস বাংলাদেশ এবং জাগো করপোরেশন।

ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেটের পরিবর্তে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) নামে একটি বিকল্প লেনদেন প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাইছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। স্টক এক্সচেঞ্জের মূল বোর্ড ও স্বল্প মূলধনি কোম্পানির প্ল্যাটফর্মের বাইরে থাকা সব ধরনের সিকিউরিটিজ নতুন এ বিকল্প প্ল্যাটফর্মে হাতবদল হবে।

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে ইতোমধ্যে স্থানান্তর করা ১৮ কোম্পানি। সেগুলো হলো—বাংলা প্রসেস ইন্ডাস্ট্রিজ, ড্যান্ডি ডাইং, ডায়নামিক টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, মেটালেক্স করপোরেশন, মিতা টেক্সটাইলস, মডার্ন সিমেন্ট, মডার্ন ইন্ডাস্ট্রিজ, মোনা ফুড প্রোডাক্টস, পারফিউমস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্রেট্রো সিনথেটিক্স প্রোডাক্টস, ফার্মাকো ইন্টারন্যাশনাল, কাশেম সিল্ক মিলস, কাশেম টেক্সটাইলস মিলস, রাসপিট ইন্ডাস্ট্রিজ বিডি, রোজ হ্যাভেন বলপেন, সালেহ কার্পেট মিলস, শেরপুর টেক্সটাইল মিলস এবং ইউনাইটেড এয়ারওয়েজ।

অন্যদিকে, বাজার সম্প্রসারণে শেয়ারবাজারের তালিকাভুক্ত নয় বা অ-তালিকাভুক্ত এমন কোম্পানিগুলোকে এটিবিতে অন্তর্ভুক্তির সুযোগ দেয়া হবে। কোম্পানিগুলো কমিশনের অনুমোদন সাপেক্ষে পরিশোধিত মূলধন বৃদ্ধির মাধ্যমে এটিবিতে অন্তর্ভুক্ত হবে। এর ফলে কোম্পানিগুলোর ১০ টাকার শেয়ার হস্তান্তরে স্ট্যাম্প ডিউটি ট্যাক্স দিতে হবে মাত্র ১০ পয়সা। আর এটিবির বাইরে ১০ টাকার শেয়ার হস্তান্তরে স্ট্যাম্প ডিউটি ট্যাক্স দিতে হয় আড়াই টাকা।

এটিবিতে অন্তর্ভুক্ত হলে অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্ট্যাম্প ডিউটি ট্যাক্স কম দিতে হবে। এতে কোম্পানিগুলোর শেয়ারবাজারের মূল মার্কেটে অন্তর্ভুক্তির বিষয়টি আরো সহজ হয়ে যাচ্ছে। এতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বিক্রেতা ও ক্রেতার উভয়ের আদেশ দেখা যাবে। এতদিন ওটিসি মার্কেটে শুধু শেয়ার বিক্রেতার আদেশ দেখা যেত। সেখানে শেয়ার কেনার আদেশ ছিল না।

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড সাধারণ বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন কিনা এ ব্যাপারে এসইসির চূড়ান্ত সিদ্ধান্তের পর জানা যাবে। তবে এসইসির একটি সূত্র জানিয়েছে এই মার্কেট সব ধরনের বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)