Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এজিএমে ১৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামের

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২, ২০২৩ , ৪:৪৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২, ২০২৩, ৪:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শক্তি ও জ্বালানী খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২ জানুয়ারী/২০২৩) রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসেব বছরের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান, পরিচালক খালিদ আহমেদ,  আবু  দাইয়ান মোহাম্মদ আহসানউল্লাহ।

সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানিটির পরিচালক কাজী শাহজাহান, শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, আবুল ফজল মো. নাফিউল করিম, স্বাধীন পরিচালক আসমাউল হোসেন, খলিলুর রহমান, শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোম্পানি সচিব রেজা মো. রিয়াজউদ্দিনসহ শেয়ারহোল্ডারগণ।

বার্ষিক সাধারণ সভায় পর্ষদ কর্তৃক উত্থাপিত লভ্যাংশ ঘোষণার এজেন্ডার পাশাপাশি বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। একইসঙ্গে, সভায় নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনসহ অন্যান্য এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।

কোম্পানির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে পূর্বঘোষিত ১৫০ শতাংশ নগদ লভ্যাংশসহ আলোচিত সব এজেন্ডা অনুমোদিত হয়।

মেঘনা পেট্রোলিয়াম ২০২১-২০২২ হিসাব বছরে ৩১৬.৫৩ কোটি টাকা করপরববর্তি মুনাফা অর্জন করার পাশাপাশি কোম্পানির শেয়ার প্রতি আয় ২৯.২৫ টাকা হওয়ায় পর্ষদসহ  প্রতিষ্ঠানটির সর্বস্তরের জনবলকে ধন্যবাদ জানান শেয়ারহোল্ডাররা। সেইসঙ্গে, এর ধারাবাহিকতা ধরে রাখারও আহ্বান জানান তারা।

শেয়ার মার্কেটে ২০০৭ সালে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ১০৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ১ হাজার ৬১০ কোটি ৫৭ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ারসংখ্যা ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮টি। এরমধ্যে বাংলাদেশ সরকারের হাতে রয়েছে ৫৮ দশমিক ৬৭ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ৩৩ দশমিক ৬১ শতাংশ শেয়ার। বিদেশি বিনিয়োগকারীর রয়েছে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ। বাকি ৭ দশমিক ৬৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)