Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আরএন স্পিনিংয়ের সাথে একীভূত হচ্ছে সামিন ফুড

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১১, ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারমার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেড আরএন স্পিনিং মিলস লিমিটেডের সাথে যুক্ত হচ্ছে।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আরএন স্পিনিং মিলসকে সামিন ফুড অ্যান্ড বেভারেজের মালিকানায় আসার অনুমোদন দিয়েছেন উচ্চ আদালত।

ডিএসইর তথ্য অনুযায়ী, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক দুই কোম্পানির সব ইকুইটি শেয়ার বাতিল করা হবে। পরে এ শেয়ারের বিপরীতে আনুপাতিক হারে নতুন শেয়ার ইস্যু করা হবে।

পাশাপাশি, সামিন ফুডের সব সম্পদ ও দায় আরএন স্পিনিং মিলসের কাছে হস্তান্তর করা হবে। কোম্পানি দু’টির বিদ্যমান সব ইকুইটি শেয়ারও বাতিল করা হবে।

সামিন ফুডের শেয়ারধারীদের ওই প্রতিষ্ঠানের ২৩ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ৫৮৪টি শেয়ারের বিপরীতে নিজেদের সমসংখ্যক শেয়ার ইস্যু করতে হবে আরএন স্পিনিং মিলসকে। এক্ষেত্রে সামিন ফুডের ১টি শেয়ারের বিপরীতে আরএন স্পিনিংয়ের ১টি নতুন শেয়ার ইস্যু করতে হবে। অর্থাৎ ১:০১৭৯০ অনুপাতে সামিন ফুডের শেয়ার বিনিময় করা হবে আরএন স্পিনিং মিলসের সঙ্গে।

বর্তমানে নতুন করে, আরএন স্পিনিংয়ের বিনিয়োগকারীদের ৩৯ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৮৩৪টি শেয়ারের বিনিময়ে ৭ কোটি ২ লাখ ৬৫ হাজার ৫২৫টি শেয়ার ইস্যু করতে হবে। আর, একীভূতকরণের আগে থাকা আরএন স্পিনিংয়ের বর্তমান ৫.৫৯টি শেয়ারের বিপরীতে একীভূতকরণের পরে নতুন করে ১টি শেয়ার ইস্যু করা হবে।

এছাড়া, একীভূতকরণের আগে সামিন ফুডের ২৩৩ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ৮৪০ টাকার শেয়ার একীভূতকরণের পরেও একই থাকবে।

আবার, কোম্পানিদ্বয়ের সংযুক্তিকরণের আগে আরএন স্পিনিং মিলসের ৩৯২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৩৪০ টাকার শেয়ার সংযুক্তিকরণের পরে কমে গিয়ে ৭০ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ২৫০ টাকায় দাঁড়াবে।

দুই কোম্পানির সংযুক্তিকরণের আগে মোট শেয়ারের মূল্য ৬২৫ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ১৮০ টাকা থেকে কমে গিয়ে একীভূতকরণের পরে ৩০৩ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৯০ টাকায় দাঁড়াবে বলে ডিএসইকে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)