Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্টে বিনিয়োগ বাড়াবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৭, ২০২৩ , ৬:১৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৭, ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে বিনিয়োগের পরিমাণ বাড়নোর অনুমোদন দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মালিকানার অর্ধেক নিজেদের দখলে নিতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পর্ষদ। এজন্য কোম্পানিটিতে আরও ৩ কোটি টাকা বিনিয়োগ বাড়ানোর অনুমোদন দিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এ বিনিয়োগ করা হলে কোম্পানিটিতে ক্রিস্টাল ইন্সুরেন্সের মোট বিনিয়োগ দাঁড়াবে ৫ কোটি টাকা, যা কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ।

এদিকে চলতি হিসাবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৭৫ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ৪ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ২ টাকা ১ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৪ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ১৭ পয়সা।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭১ পয়সা। এছাড়া প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩ টাকা ৬৯ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৬৫ পয়সা।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ২২ টাকা ৮০ পয়সা। আর আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছিল ২ টাকা ৮০ পয়সা। এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪ টাকা ৫৮ পয়সা এবং শেয়ারপ্রতি এনএভি ছিল ২০ টাকা ৯৮ পয়সা।

বিমা খাতের ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। কোম্পানিটির মোট চার কোটি শেয়ার রয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৬০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ৬ দশমিক ৫১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ০৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৩ দশমিক ৪৬ শতাংশ শেয়ার।

এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৮৪ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪১ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)