Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আল মদিনার কিউআইও অনুমোদন, ছাড়বে ৫০ লাখ শেয়ার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ১২:২৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩, ৪:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের  সুযোগ সৃষ্টির লক্ষ্যে আল মদিনা ফার্মাসিউটিক্যালসের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিউআইওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

বিএসইসির বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ৮৫৪তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেয়া হয়।

মো. রেজাউল করিম (বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক) সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস-২০২২ অনুযায়ী, আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। আর, ১০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ার কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করবে কোম্পানিটি।

কিউআইওর মাধ্যমে পুঁজি উত্তোলন করে কোম্পানিটি বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

আল মদিনা ফার্মাসিউটিক্যালসের ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য বা এনএভিপিএস পুনঃমূল্যায়ন সহ ২১ টাকা ৬৫ পয়সায় দাঁড়িয়েছে। আর, পুনঃমূল্যায়ন ছাড়া দাঁড়িয়েছে ১২ টাকা ৬৩ পয়সায়।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ হতে পরবর্তী ৩ বছর কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না কোম্পানিটি।

আল মদিনা ফার্মাসিউটিক্যালসের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)