Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পুঁজিবাজারের প্রয়োজনে নীতিমালা করতে হবে দ্রুত: মসিউর

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ৭:০০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ৭:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: কোভিড মহামারীকালে পুঁজিবাজার ব্যবস্থাপনায় বাংলাদেশ খুব ভালো দক্ষতা দেখিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, নিয়ন্ত্রক সংস্থার সময় উপযোগী নীতির কারণে বিনিয়োগকারীরা তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইএসকো-এপিআরসি এর দুই দিনের সভার সমাপনী অধিবেশনে তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পুঁজিবাজারের প্রয়োজন দেখে দ্রুত নীতিমালা করতে হবে, যা বাস্তবায়িত হবে ন্যায় ও অন্যায়কে সামনে রেখে।

পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হলেও দেশের উদ্যোক্তারা তুলনামূলক বেশি খরচের ব্যাংক ঋণ পছন্দ করেন বলে মন্তব্য করেন মসিউর।

সরকারের রাজস্ব ও মুদ্রানীতির সঙ্গে সঙ্গতি রেখে পুঁজিবাজার এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ বলেন, দেশের পুঁজিবাজার মূলধনী বাজার নির্ভর হলেও এখন কমোডিটি মার্কেটসহ নতুন অনেক পণ্য আসছে। উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পুঁজিবাজারের সম্ভাবনাও অনেক। এ সভার অভিজ্ঞতা বিনিময় আগামীতে বাজার উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ার‌ম্যান ও এপিআরসি এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাজার উন্নয়ন ও বিনিয়োগ সক্ষমতা বাড়াতে পুঁজিবাজারে প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দেওয়ার সময় হয়েছে। বিনিয়োগবান্ধব বাজারের জন্য প্রযুক্তির সুবিধা নিতে হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্স (আইএসকো) এর এশিয়া প্যাসিফিক রেজিওনাল কমিটির (এপিআরসি) দুই দিনের সভা বুধবার শুরু হয়।

সংগঠনটির চারটি আঞ্চলিক কমিটির মধ্যে এপিআরসি অন্যতম। সভায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পকিস্তান, নেপালসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)