Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিকাশে কর্মীদের বেতন দেবে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৭, ২০২২ , ৪:৪৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২২, ৫:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: কর্মীদের বেতন, কমিশন ও অন্যান্য ভাতা বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সম্প্রতি বিকাশের সাথে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির ফলে প্রতিষ্ঠানটির ৫০০ কর্মী বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা ও কমিশনের একটি অংশ গ্রহণ করবেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির ১৫০০ কর্মীকে ডিজিটাল পে-রোল সেবার আওতায় নিয়ে আসা হবে।

বিকাশে বেতন দেয়ার সেবা গ্রহণ করায় একদিকে কর্মীরা যেমন সহজে বেতন-ভাতা পাচ্ছেন, অন্যদিকে ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরো সহজ ও সাশ্রয়ী হয়েছে। ফলে দেশের ৮ শতাধিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

বিকাশে বেতন পাওয়াই নয়, কর্মীরা এখন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের জরুরী সেবার বিল ও শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ করা, কেনাকাটার পেমেন্ট করা, বাস-ট্রেন-লঞ্চ-বিমানের টিকেট কেনাসহ নানান ধরনের সেবা নিতে পারছেন। প্রয়োজনে দেশজুড়ে বিস্তৃত প্রায় তিন লাখ এজেন্ট পয়েন্ট এবং ১৩টি ব্যাংকের ১৫০০’র বেশি এটিএম বুথ থেকে ক্যাশ আউটও করতে পারছেন।

পাশাপাশি, ঋণ প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে কর্মীরা তাৎক্ষণিক তাদের বিকাশ অ্যাকাউন্টে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সিটি ব্যাংকের জামানতবিহীন ডিজিটাল ন্যানো লোন পেতে পারেন।

এছাড়া আইডিএলসি ফিন্যান্স এর মাসিক ৫০০, ১,০০০, ২,০০০ এবং ৩,০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদী মাসিক সঞ্চয় সেবাও গ্রহণ করতে পারবেন কর্মীরা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)