Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্ত্রীর মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত হয়েছে: মার্চ ১৭, ২০২৩ , ২:৩৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৭, ২০২৩, ২:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার: জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর করা মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আজিজ আদালত থেকে ১৬ মার্চ পর্যন্ত শর্তসাপেক্ষে জামিনে ছিলেন কিন্তু জামিনের শর্ত ভঙ্গ করে তিনি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছিলেন। এ জন্য আজ আমরা তার জামিনের বিষয়টি আদালতে উত্থাপন করি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে তার স্ত্রী তাবাসসুম কায়সার বাদী হয়ে আদালতে মোট চারটি মামলার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনটি মামলা রেকর্ড করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। গত ৭ ফেব্রুয়ারি আসামি আজিজ ঢাকার আদালতে আত্মসমর্পণ করলে আদালত শর্ত সাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, আসামি আজিজ আল কায়সার জালিয়াতির মাধ্যমে মামলার বাদী তাবাসসুম কায়সারের স্বাক্ষর নকল করে তার মালিকানাধীন পারটেক্স গ্রুপের শেয়ার হস্তান্তর করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)