Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডেটা সেন্টারসহ ডাইজেস্টার রিকভারি সাইটে গুরুত্ব দেয়ার আহ্বান বিএসইসির

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২৩ , ৯:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ৩, ২০২৩, ৯:৩৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন পরিচালনা পর্ষদকে ডেটা সেন্টার এবং ডাইজেস্টার রিকভারি সাইটের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিএসইসি এবং ডিএসইর নব-গঠিত পরিচালনা পর্ষদের রোববারের (২ এপ্রিল) সৌজন্য বৈঠকে বিএসইসি চেয়ারম্যান এ আহ্বান জানান বলে ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেয়া তথ্যানুযায়ী, বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, মো. আব্দুল হালিম, ড. রুমানা ইসলাম এবং নির্বাহী পরিচালক মো সাইফুর রহমান।

আরো উপস্থিত ছিলেন ডিএসইর নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুসহ নব-গঠিত পরিচালনা পর্ষদের সদস্যরা।

বৈঠকে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুরনো এবং নতুন পরিচালকদের সমন্বয়ে সব চ্যালেঞ্জের মোকাবেলা করে পুঁজিবাজারকে আরো সামনের দিকে নিয়ে যাবে ডিএসই। পাশাপাশি, নব-নির্বাচিত চেয়ারম্যানের গতিশীল নেতৃত্বে সব প্রতিকূলতা পাড়ি দিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে পুঁজিবাজার।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার উন্নয়নে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও আমাদের পুঁজিবাজারের প্রতি বেশ সদয়।

পুঁজিবাজার নিয়ে কাজ করার সুযোগ দেয়ায় বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের ধন্যবাদ জানিয়ে বৈঠকে ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ডিএসইর পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়েছে বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমুখী অভিজ্ঞতা সম্পন্ন সফল ব্যক্তিবর্গের সমন্বয়ে। একইসঙ্গে, এ কমিটিতে রয়েছেন- পুঁজিবাজারের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শেয়ারহোল্ডারবৃন্দ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ব্যবস্থা থাকা দরকার বলে বৈঠকে যোগ করেন ডিএসইর নব-নির্বাচিত চেয়ারম্যান।

তিনি বলেন, কাজ করার অনেক সুযোগ রয়েছে এই জায়গাটায়। স্মার্ট সিস্টেমের মাধ্যমে উন্নত বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশীর ভাগই অটোমেশন করে ফেলেছে। ডিএসইতেও তেমন একটি স্মার্ট সিস্টেম থাকা দরকার।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)