Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আল-মদিনার কিউআইও আবেদন ৭ মে শুরু

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২৩ , ৭:৫৫ অপরাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২৩, ১২:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়া আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কিউআইওর তারিখ ঘোষণা করেছে। আগামী ৭ মে (রোববার) থেকে কোম্পানিটির কিউআইওতে শুরু হবে আবেদন গ্রহণ। চলবে ১১ মে (বৃহস্পতিবার) পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (১১ এপ্রিল) এ তথ্য জানা গেছে।

ডিএসইর দেয়া তথ্যানুসারে, কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। আর, আবেদন গ্রহণ পর্ব ৭ থেকে ১১ মে সকাল ১০টায় শুরু করে বিকেল ৫টায়  শেষ হবে।

কোম্পানিটির কিউআইওতে বিএসইসির গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৮৫৪তম কমিশন সভায় অনুমোদন দেয়া হয়।

আল মদিনা ফার্মাসিউটিক্যালস কিউআইওর মাধ্যমে পুঁজি উত্তোলন করে বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য বা এনএভিপিএস পুনঃমূল্যায়ন সহ ২১ টাকা ৬৫ পয়সায় দাঁড়িয়েছে। আর, পুনঃমূল্যায়ন ছাড়া দাঁড়িয়েছে ১২ টাকা ৬৩ পয়সায়।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ হতে পরবর্তী ৩ বছর কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না কোম্পানিটি।

আল মদিনা ফার্মাসিউটিক্যালসের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

আরো জানতে-

  • আল মদিনার কিউআইও অনুমোদন, ছাড়বে ৫০ লাখ শেয়ার

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)