Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জিএ গার্মেন্টসে উৎপাদন বাড়াতে ইজিএম আহ্বান শাশার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২৩ , ৮:২৮ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ১৩, ২০২৩, ৮:২৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের উদ্যোক্তারা তাদের মালিকানাধীন জিএ গার্মেন্টসের উৎপাদন বাড়াতে চায়। এ লক্ষ্যে ওই গার্মেন্টসে বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে শাশা ডেনিমস।

শাশার বুধবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

তথ্যানুসারে, জিএ গার্মেন্টসের উৎপাদনক্ষমতা বাড়াতে ঢাকা রপ্তানিকরণ অঞ্চলে (ডিইপিজেড) বরাদ্দপ্রাপ্ত প্লটে নতুন ১০৫টি লুম বসাবে শাশা ডেনিমস। আর, এর জন্য শাশা ডেনিমসের কিছু সম্পদ জিএ গার্মেন্টসে বিনিয়োগের লক্ষ্যে বিনিময় করা হবে।

পাশাপাশি, লুম স্থাপন-ব্যয়ের কিছু অর্থ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হবে। তবে, কত দরে কী পরিমাণ শেয়ারের বিপরীতে সম্পদ বিনিময় করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

জিএ গার্মেন্টসে বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য  আগামী ৫ জুন ইজিএম আহ্বান করেছে শাশা। আর, এর জন্য ১১ মে রেকর্ড তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি।

নতুন লুম স্থাপন প্রকল্পের বাস্তবায়ন হলে কোম্পানিটির রপ্তানির পরিমাণ বছরে আরো প্রায় ৩৫০ কোটি টাকা বাড়বে বলে আশা করে শাশা ডেনিমস। যদিও কবে নাগাদ বর্ধিত প্রকল্পের কাজ সম্পন্ন হবে- তা জানানো হয়নি।

 

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)