Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৪ ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগ তথ্য জানতে চায় বিএসইসি

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২২ , ৫:৩০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২২, ৫:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার : দেশের রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কাছে পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে সোনালি, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুসারে, এককভাবে একটি ব্যাংক তার ইকুইটির ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বর্তমানে পুঁজিবাজারে বিনিয়োগ নির্ধারিত সীমার নিচে রয়েছে। ফলে বিদ্যমান আইনী সীমার মধ্যেই এ ব্যাংকগুলোর পুঁজিবাজারে আরো বিনিয়োগের সুযোগ রয়েছে। পুঁজিবাজারের সাম্প্রতিক তারল্য সংকটের সময় তাই এ ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিএসইসি। এজন্য তাদের কাছে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত এ চার ব্যাংক এখনো কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিশেষ তহবিল গঠন করে নি। ফলে প্রচলিত সুযোগের পাশাপাশি বিশেষ তহবিলের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহিত করতে চায় কমিশন। এজন্য তাদের কাছে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। দেশের সব ব্যাংককেই প্রচলিত আইনী সীমা ও বিশেষ তহবিলের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)