স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের শেয়ার অধিগ্রহণের ওয়াইজ স্টার টেক্সটাইলস মিলস লিমিটেড ও এর মনোনীত পরিচালকরা প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুসারে ওয়াইজ স্টার টেক্সটাইলস মিলস তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক হিসেবে গণ্য হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এ প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। আগামী ২০ জুন দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ইজিএম অনুষ্ঠিত হবে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রিং শাইন টেক্সটাইলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১০০ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩ টাকা ২৩ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৪ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৫ পয়সায়। ২০২০-২১ হিসাব বছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। সর্বশেষ ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল রিং শাইন টেক্সটাইলস।
ডিএসইতে রবিবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৯ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা থেকে ১১ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)