Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স টাকার সঙ্গে দেবে শেয়ার

প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২৩ , ৬:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: মে ৩০, ২০২৩, ৬:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে ১০০টি শেয়ারের বিপরীতে নগদ ৭০ টাকা এবং ৩টি সাধারণ শেয়ার পাবেন।

লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটি চলতি বছরের প্রথম তিন মাসের (জানুয়ারি থেকে মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির মুনাফা গত বছরের তুলনায় বেড়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১ টাকা ৪৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৯ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে পারবে। তবে ফ্লোর প্রাইসের নিচে শেয়ার দাম নামতে পারবে না।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে এই কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৬ পয়সা। মুনাফার পাশাপাশি কোম্পানিটির সম্পদের পরিমাণও বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা, যা ২০২২ সালের মার্চ শেষে ছিল ১৩ টাকা ৬৪ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)