স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদিত সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড প্রাথমিক সংগৃহীত তহবিল হিসেবে ৫০ কোটি টাকা আহরণ করবে।
এরমধ্যে উদ্যোক্তা হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১০ কোটি টাকা বিনিয়োগ করেছে। বাকি ৪০ কোটি টাকা সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
বেমেয়াদী এ ফান্ড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনে জানা যায়, তহবিল সংগ্রহ বিষয়ে সাবস্ক্রিপশন শুরু হয়েছে ১৭ জুলাই, রোববার (২০২২)। চলবে ৩০ আগস্ট ২০২২) পর্যন্ত। ট্রাস্টি হিসেবে বিজিআইসি এবং কাস্টডিয়ানের দায়িত্বে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
লভ্যাংশবিহীন ফিক্সড ইনকাম ফান্ডটি বিনিয়োগকারীদের পোর্টফোলিওর ঝুঁকি কমানোর পাশাপাশি তুলনামূলক বেশি কর রেয়াত সুবিধা পেতে সাহায্য করবে।
অধুনা এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রথম লভ্যাংশবিহীন বেমেয়াদী ফান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।
আরো উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) ফাইন্যান্সিয়াল এডভাইজার আনিসুজ্জামান চৌধুরী, সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান শাহেদুজ্জামান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মীর আরিফুল ইসলাম।
বিএসইসি অনুমোদিত সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড দেশের প্রথম লভ্যাংশবিহীন ফিক্সড ইনকাম ফান্ড। এর অন্যান্য বৈশিষ্ট্য বিনিয়োগকারীদের পোর্টফোলিওর ঝুঁকি কমানোর পাশাপাশি তুলনামূলক বেশি কর রেয়াত সুবিধা পেতে সাহায্য করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।